লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন মামলার অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিকনির্দেশনায় রামগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) আব্দুশ শাকুরের নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন পিএসআই (নিরস্ত্র) প্রান্ত ভঞ্জ, এএসআই (নিরস্ত্র) মো. ইলিয়াছ, এএসআই জয়নাল আবেদীন এবং কনস্টেবল আবু বকর মেহরাজ।
অভিযানকালে রামগঞ্জ থানার এফআইআর নং-১৫/১০৬, তারিখ ২২ জুন ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) ধারার মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— কামরান হোসেন ওরফে রাজু (২৮), শেখ ফরিদ শাহীন (২৯) এবং নাজমুল ইসলাম রাব্বী (২৮)। পুলিশ জানায়, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
গ্রেফতারকৃত কামরান হোসেন ওরফে রাজু উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কেরামত আলী সরদার বাড়ি এলাকার বাসিন্দা। শেখ ফরিদ শাহীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্য আঙ্গারপাড়া কাজী বাড়ির বাসিন্দা এবং নাজমুল ইসলাম রাব্বী পশ্চিম আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা।
এদিকে পৃথক অভিযানে সিআর-২৬১/২৬ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রুবেল (৩০)-কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩৮০ ও ৫০৬(২) ধারা এবং পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩-এর ৩/৫ ধারায় মামলা রয়েছে। তিনি ভোলাকোট এলাকার ফারাজী বাড়ির বাসিন্দা।
অপরদিকে লক্ষ্মীপুর থানার মামলা নং-৮৯, তারিখ ৩০ এপ্রিল ২০১২, জিআর-৩১৮/১২, অস্ত্র আইনের ১৯(এ) ধারার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সুমনকে গ্রেফতার করা হয়। তিনি হাজিপুর এলাকার পণ্ডিত বাড়ির বাসিন্দা।
রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।