মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তেতলাব গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— তারাবো পৌরসভার সুলতান, নয়ন মিয়া এবং রাজ রায়হান রাব্বি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তারাবো পৌরসভার তেতলাব এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদক সিন্ডিকেট অবৈধভাবে ইয়াবা ও বিদেশি মদ কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। পরে মাদক চক্রের মূল আস্তানা ঘেরাও করে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।