স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় সেনাবাহিনী এক বিশেষ অভিযান চালিয়ে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে। দীর্ঘ ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে এলাকার তালিকাভুক্ত দুই শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন— গোলাকান্দাইল ও ভুলতা এলাকার হারুন মিয়ার ছেলে কাওসার (২৭) এবং সীতারাম দাশের ছেলে শ্রী রবি দাশ (৩৮)।
সেনাবাহিনী জানায়, আটককৃতদের কাছ থেকে নিম্নলিখিত অস্ত্রসমূহ উদ্ধার করা হয়েছে:
-
১টি পিস্তল ও ১টি ম্যাগাজিন
-
২টি ওয়ান শুটার গান
-
১টি ডামি পিস্তল
-
১ রাউন্ড তাজা গুলি
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের জব্দকৃত অস্ত্রসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সেনাবাহিনীর একটি চৌকস দল অত্যন্ত সফলভাবে অভিযানটি পরিচালনা করেছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের দমনে সেনাবাহিনীর এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এই অভিযানের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।