আবু সায়েদ:
লক্ষ্মীপুর পৌর শহরের ঝুমুর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১০ জুলাই ২০২৬ (শুক্রবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৌর শহরের ঝুমুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে গাড়ির পেছনের স্পেয়ার চাকার নিচ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন এমরান গাজী ও জয়নাল আবেদীন। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আদনান আরিফ রিফাত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে লক্ষ্মীপুর হয়ে নেত্রকোনায় নেওয়া হচ্ছিল। এমরান গাজীর বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার ও মাদক কারবারের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।