‘সাংবাদিক’ পরিচয়ে সুবিধাবাদীদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে পেশার মর্যাদা: ফজলুল হক

স্টাফ রিপোর্টার:

সাংবাদিকতার পেশায় কিছু অসাধু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে পুরো পেশার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র রিপোর্টার মো. ফজলুল হক। তাঁর মতে, প্রকৃত সাংবাদিকতা ও ব্যক্তিস্বার্থে সাংবাদিক পরিচয় ব্যবহারের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

তিনি বলেন, এক শ্রেণির ব্যক্তি নিয়মিত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে যাতায়াত করলেও দুর্নীতি বা অনিয়ম নিয়ে কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন না। তাদের মূল উদ্দেশ্য থাকে প্রভাবশালী ব্যক্তি, কর্মকর্তা কিংবা ঠিকাদারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, ভবিষ্যতে ব্যক্তিগত সুবিধা বা বিজ্ঞাপন আদায় করা।

আরেক শ্রেণির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা কোনো অনিয়ম বা দুর্নীতির তথ্য সংগ্রহ করার পর তা প্রকাশ না করে সংশ্লিষ্টদের সঙ্গে সমঝোতায় পৌঁছে যান। এছাড়া কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে তদবির, বদলি, টেন্ডার কিংবা বিভিন্ন প্রশাসনিক সুবিধা আদায়ের চেষ্টা করেন, যা সাংবাদিকতার নীতির পরিপন্থী।

মো. ফজলুল হক বলেন, প্রকৃত একজন সাংবাদিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেন, প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই করেন এবং সব পক্ষের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেন। অনেক সময় সত্য প্রকাশের কারণে সংশ্লিষ্ট দপ্তরের বিরূপ প্রতিক্রিয়াও মোকাবিলা করতে হয়।

তিনি আরও বলেন, “নিউজ করার জন্য বারবার অফিসে যেতে হয় না। বরং অনেক সময় নিউজ না করার স্বার্থেই অকারণে যাতায়াত করা হয়।”

তবে তিনি স্পষ্ট করেন, সব সাংবাদিককে একইভাবে বিচার করা উচিত নয়। এখনো অসংখ্য পেশাদার ও সাহসী সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সত্য ও জনস্বার্থের পক্ষে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু সুবিধাবাদী ব্যক্তির কর্মকাণ্ডের কারণে পুরো সাংবাদিক সমাজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

তিনি সাংবাদিকতা ও সুবিধাবাদী কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য অনুধাবনের আহ্বান জানান এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *