নিজস্ব প্রতিবেদক:
লিবিয়ায় নানা প্রতিকূলতার মধ্যে থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাঁরা দেশে পৌঁছান। তাঁদের মধ্যে অনেকেই সমুদ্রপথে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অনেকে লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়েছে।
দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।
লিবিয়ায় তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রত্যাবাসিত বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাঁদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে মন্ত্রণালয়।
দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে আইওএমের পক্ষ থেকে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।
এদিকে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম। আটক বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে সংস্থাগুলোর মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।