সৌদিতে সামরিক সহায়তা পাঠাতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন পেয়েছে মিসরের সরকার। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির অনুরোধে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মিসরের পার্লামেন্টের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন চেয়ে প্রেসিডেন্ট সিসি পার্লামেন্টে লিখিত অনুরোধ জানিয়েছিলেন। পরে বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হলে অধিকাংশ আইনপ্রণেতা এর পক্ষে ভোট দেন। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং মিসর ও আরব বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পার্লামেন্টের বিবৃতি অনুযায়ী, অনুমোদনের ফলে প্রেসিডেন্ট সিসি সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। তবে কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিলটি নিয়ে মঙ্গলবার ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার আলোচনা শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্বতন্ত্র আইনপ্রণেতারা অংশ নেন। পার্লামেন্টের এ সিদ্ধান্ত গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মিসরের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের সভার সিদ্ধান্তের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে সৌদি আরবে মিসরীয় সেনা মোতায়েন করা হবে কি না, কিংবা হুথি হামলা মোকাবিলায় দেশটি কী ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট করা হয়নি।

এর আগে প্রেসিডেন্ট সিসির অনুরোধের পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবারের অধিবেশনেও এ বিষয়ে আলোচনা চালিয়ে যান আইনপ্রণেতারা।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এ পরিস্থিতিতে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মিসরের পার্লামেন্টের অনুমোদন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *