লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সীরত কমিটির মতবিনিময় সভা

কামরুল ইসলাম:

আশেকে রাসুল (সা.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ. আ.) শাহ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) আগামী ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার থেকে চুনতী সীরাত ময়দানে আরম্ভ হতে যাচ্ছে। মাহফিলকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২১ আগস্ট মঙ্গলবার বাদ চুনতী সীরাত মাহফিলের অফিসে লোহাগাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-কে কেন্দ্র করে সীরাত কমিটির সভাপতি শাহজাদা ইবনে আজাদের সভাপতিত্বে, শাহজাদা তৈয়বুর রহমান বেদারের পরিচালনায় অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।

স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিনহাজ, সীরাত কমিটির অলি উদ্দিন, মোহাম্মদ চুনতী হাকিমিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, সীরাত কমিটির ইসমাইল মানিক। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন অন্যান্য বিশিষ্ট অতিথি ও সুধীজন। সভায় বক্তারা বলেন, ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, শিক্ষা, মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য ও শান্তির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অনন্য ও ঐতিহাসিক আয়োজন। এ মাহফিল যুগ যুগ ধরে নবীর সীরাত চর্চা, নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা মাহফিল চলাকালে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাহফিলের সার্বিক কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, এবারের ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর প্রাক্কলিত ব্যয় প্রায় ৬ কোটি টাকা। দেশ-বিদেশে কর্মরত মাহফিলের বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে আর্থিক সহযোগিতা সংগ্রহ এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবারও মাহফিল সফলভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহফিলের সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য ধর্মপ্রাণ মুসলমান, সীরাতপ্রেমী জনসাধারণ, দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সীরাত কমিটির পক্ষ থেকে মাহফিলের প্রচার-প্রচারণা, অর্থ সংগ্রহ, অতিথি আপ্যায়ন, নিরাপত্তা, যোগাযোগ এবং সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভা শেষে ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর সকল কার্যক্রম মহান আল্লাহর দরবারে কবুল ও বরকতময় হওয়ার কামনায় এবং দেশ ও প্রবাসে অবস্থানরত মাহফিলের অসংখ্য ভক্ত-কর্মীদের জন্য দোয়া কামনা করে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *