​‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’: কুমিল্লায় বিএনপির বিশাল প্রতিবাদ কর্মসূচি

মোঃআনজার শাহ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। দলটির কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও যেকোনো মূল্যে তা প্রতিহত করার অঙ্গীকার নিয়ে রাজপথে নেমেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এক বিশাল অবস্থান কর্মসূচির মাধ্যমে কুমিল্লার রাজপথ প্রকম্পিত করেন দলটির নেতাকর্মীরা।

​
কুমিল্লা শহরের পূবালী চত্বর থেকে শুরু হয়ে কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয় পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর ঢল নামে।

​নেতৃত্ব ও অংশগ্রহণ,
কর্মসূচিতে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
​এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীরা।

​নেতৃবৃন্দের বক্তব্য,
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে নানা ধরনের নাশকতার পাঁয়তারা করছে। কিন্তু বিএনপি এসব অপচেষ্টা রুখে দিতে সর্বদা সজাগ রয়েছে। সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে কোনোভাবেই সন্ত্রাসীদের আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না।”

​বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মূল্যে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কান্দিরপাড় এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *