শ্রদ্ধা কাপুরকে ঘিরে নতুন করে চর্চা

স্বাধীন বিনোদন ডেস্ক: 

বলিউডের ‘মিষ্টিকন্যা’ শ্রদ্ধা কাপুরকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বি-টাউনে। দীর্ঘদিনের সিঙ্গেল জীবন কি তবে এবার শেষ হতে চলেছে এই জনপ্রিয় অভিনেত্রীর? বলিউড অন্দরমহলে জোর গুঞ্জন, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন শ্রদ্ধা কাপুর। আর সম্ভাব্য পাত্র হিসেবে উঠে আসছে চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদির নাম।

দীর্ঘ সময় ধরেই শ্রদ্ধা ও রাহুলের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে। কখনও একসঙ্গে বিমানে ভ্রমণ, আবার কখনও রাজকীয় বিয়ের অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিতি—সব মিলিয়ে তাদের রসায়ন ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। যদিও এই জুটি কখনোই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক স্বীকার করেননি, তবুও ঘনঘন একসঙ্গে দেখা যাওয়াই অনেক কিছু ইঙ্গিত করছে বলে মনে করছেন অনেকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শ্রদ্ধা নাকি এবার সম্পর্ককে স্থায়ী রূপ দিতে আগ্রহী। জীবনের নতুন অধ্যায় শুরু করার বিষয়ে তিনি যথেষ্ট ইতিবাচক। অতীতে আদিত্য রায় কাপুর ও ফারহান আখতারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও সেসব সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। বিশেষ করে ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিবার থেকে আপত্তি থাকায় সেই অধ্যায় সেখানেই থেমে যায়।

তবে রাহুল মোদির ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। শোনা যাচ্ছে, কাপুর পরিবারের সদস্যদের কাছেও তিনি বেশ পছন্দের মানুষ। পরিবারের সম্মতি পাওয়ায় বিয়ের পথে আর বড় কোনো বাধা নেই বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে শ্রদ্ধা কাপুর বলেন, ‘বিয়ে তো করবই।’ তার এই সংক্ষিপ্ত মন্তব্যেই অনুরাগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সব মিলিয়ে, শ্রদ্ধা কাপুরের জীবনে বিয়ের সানাই কি তবে খুব কাছেই—এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বি-টাউনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *