শ্রীমঙ্গলে অত্যন্ত দুর্লভ ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার

জালালুর রহমান:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারের কুঞ্জবন এলাকা থেকে বাংলাদেশে অত্যন্ত দুর্লভ প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানে সাপটিকে ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ (Siebold’s Water Snake) হিসেবে শনাক্ত করা হয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) স্থানীয় লোকজন কুঞ্জবন এলাকায় একটি সাপের বাচ্চা দেখতে পান। অপরিচিত ও বিরল প্রজাতির মনে হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা সাপটিকে হত্যা না করে আটক করে নিরাপদ স্থানে রাখেন।

পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে তারা এটিকে অত্যন্ত বিরল প্রজাতির সাপ বলে ধারণা করেন।

সাপটির সঠিক পরিচয় নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক মনিরুল খান এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞদের অনুসন্ধান ও পর্যবেক্ষণের মাধ্যমে সাপটির পরিচয় নিশ্চিত করা হয়। এটি ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ (Siebold’s Water Snake) নামে পরিচিত একটি অত্যন্ত দুর্লভ প্রজাতির সাপ।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে এ প্রজাতির সাপের উপস্থিতি অত্যন্ত বিরল। ফলে শ্রীমঙ্গল থেকে এ সাপ উদ্ধারের ঘটনাটি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ সংরক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *