চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, সংবিধান সংশোধন না করলে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং এতে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল বারী বলেন, জুলাই সনদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। সরকার এটি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটিতে বিরোধী দলের জন্য সদস্যপদ রাখার পাশাপাশি তাদের বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
তিনি বিরোধী দলের প্রতি সংসদীয় কমিটিতে অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরার আহ্বান জানান। তার ভাষ্য, সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে জুলাই আন্দোলনে নিহতদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবিধান সংস্কার করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। গণতন্ত্র থাকলেই উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, অপচয় ও দুর্নীতি বন্ধে সরকার বদ্ধপরিকর। দেশের মানবসম্পদ উন্নয়নে ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।