আন্তর্জাতিক ডেস্ক:
আসন্ন দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ পাঠাচ্ছে না বাংলাদেশ। বরং দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এ বছর ভারত থেকেই প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ।
সাধারণত দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে। তবে এবার সেই সময় পেরিয়ে যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অনুমতিও বাতিল হওয়ায় ব্যবসায়ীদের জন্য ভারতে ইলিশ পাঠানোর আর সুযোগ নেই।
এর সঙ্গে বাংলাদেশের জেলেদের ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়ও সামনে চলে আসায় এবার ভারতে ইলিশ রপ্তানির সম্ভাবনা আরও কমে গেছে।
বাণিজ্যের এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেশে ইলিশের উৎপাদন কিছুটা কমে যাওয়ার কথা বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে তাই উল্টো ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গুজরাট থেকে আমদানি করা ইলিশের মধ্যে প্রচুর ডিম থাকায় চট্টগ্রাম ও সিলেটের ক্রেতাদের কাছে এসব মাছের চাহিদা রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশ সাধারণত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর কিছু সময়ের জন্য এই নিষেধাজ্ঞা শিথিল করে ভারতে ইলিশ পাঠানো হতো। রাজনৈতিক পটপরিবর্তনের পরও এই ধারাবাহিকতা বজায় ছিল।
তবে এবার সেই বিশেষ অনুমতিও না থাকায় দুর্গাপূজায় ভারতে বাংলাদেশের ইলিশ যাওয়ার সম্ভাবনা নেই।