ছেলের বিরুদ্ধে বাড়ি দখল, হুমকি ও নির্যাতনের অভিযোগে মায়ের জিডি

স্টাফ রিপোর্টার:

ফাল্গুনী সেন্টারের পাশের বড়গ্রাম এলাকার স্থানীয় বাসিন্দা সমমেহের বেগম (৫৫) মেয়েকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে তার ছেলে আপেল মাহমুদ (৩৭) ও পুত্রবধূ রুমা বেগমের (৩৫) বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে তাকে এবং তার মেয়েদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও হুমকি দিয়ে আসছেন। সমমেহের বেগম জানান, ২০০১ সালে স্বামীর মৃত্যুর পর তিনি প্রবাসে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের লালন-পালন করেন। পরবর্তীতে দুই কাটা জমি ভাগ করে ছেলে আপেল মাহমুদ ও মেয়ের মধ্যে বণ্টন করে দেন।

তার অভিযোগ, গত কয়েক বছর ধরে আপেল মাহমুদ তার বোনদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন কৌশলে চাপ সৃষ্টি করছেন। এ বিষয়ে পূর্বে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল। সে সময় জেল হাজতে থাকা অবস্থায় আপেল মাহমুদ ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করেন বলে জানান তিনি। তবে সম্প্রতি আবারও একই ধরনের হুমকি ও নির্যাতন শুরু হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে আপেল মাহমুদ তার মায়ের ঘরের সামনে এসে গালিগালাজ করেন এবং হাতে দা-বটি নিয়ে মারধরের চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন ও তার মেয়ে আফসানা (৩৫) এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

সমমেহের বেগম দাবি করেন, ছেলে আপেল মাহমুদ ও পুত্রবধূ রুমা বেগম মিলে বাড়িটি দখল করে রেখেছেন এবং তাদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করছেন। এসব ঘটনায় তিনি ও তার মেয়েরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন।

ভবিষ্যতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিনি থানায় সাধারণ ডায়েরি করে ঘটনাটি নথিভুক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *