আব্দুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাইফুদদীন (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাইফুদদীন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মলেয়াবাদ এলাকার ফজল করিম সওদাগরের ছেলে এবং কালিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ কবিরের ভাতিজা।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ছাত্রদল নেতা ইলিয়াস সানির সঙ্গে সাইফুদদীনের দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলছিল। এরই জেরে গত ৮ সেপ্টেম্বর কালিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম কাঠগড় এলাকায় ছাত্রদল নেতা ইলিয়াস সানির নেতৃত্বে সাইফুদদীনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে আব্দুল জব্বার মানিক, হাসান, কায়েফ ও আসিফসহ ১০-১২ জনের একটি দল অংশ নেয় বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় সাইফুদদীন গুরুতর জখম হন।
পরিবারের বক্তব্য:
ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে আর্থিক মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা করা হয়েছিল—এমন কথা উঠলেও তা পুরোপুরি অস্বীকার করেছে নিহতের পরিবার। নিহতের স্বজন মিজান জানান, “হামলার পর সাইফুদদীন বাড়িতে ফিরে এলেও পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এরপর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আমরা কোনো প্রকার আপসের সঙ্গে জড়িত নই।”
নিহতের বড় ভাই জসিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাই মারধরের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত, এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না।”
বর্তমান পরিস্থিতি ও পুলিশি বক্তব্য:
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”