সাতকানিয়ায় বসতঘরে আগুন দেওয়ার নাটক: পুলিশের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য

কামরুল ইসলাম:

চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ধর্মপুর ইউনিয়নের বর্ণিক পাড়া এলাকায় বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। তদন্তে জানা গেছে, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নিজ বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

ঘটনাটি ঘটে গত **২৯ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে**। সাতকানিয়া থানাধীন **১২নং ধর্মপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের বর্ণিক পাড়া এলাকায়** জনৈক **রাজীব দাসের বসতঘরে** অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে—এমন সংবাদ স্থানীয়দের মাধ্যমে পায় সাতকানিয়া থানা পুলিশ।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং আশপাশের লোকজন ও বসতঘরের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিকভাবে ঘরের বাসিন্দা **অঞ্জু দাস (৬০)** পুলিশকে জানান, রাতের অন্ধকারে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ঘরের দরজার সিটকানি বাইরে থেকে লাগিয়ে দিয়ে ছাদ ও চারপাশে খড় ছিটিয়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। কেরোসিনের গন্ধ পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।

জিজ্ঞাসাবাদে অঞ্জু দাস প্রতিবেশী **ভোলা পালিত গংদের সঙ্গে জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধের** কথা উল্লেখ করে জানান, ওই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে অসংলগ্নতা ও সন্দেহজনক তথ্য পাওয়া গেলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, ঘটনার আগে অঞ্জু দাসের ছোট ছেলে **রাজীব দাস (৩৫)** ঘটনাস্থল এলাকায় অবস্থান করছিল, যদিও সে মূলত চট্টগ্রাম শহরে বসবাস করে। পরবর্তীতে রাজীব দাসকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, প্রতিবেশীদের ফাঁসানোর উদ্দেশ্যে সে নিজেই বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা করে।

জিজ্ঞাসাবাদে রাজীব দাস জানায়, **২৮ জানুয়ারি ২০২৬ খ্রি. সকালে** তার মায়ের সঙ্গে প্রতিবেশীদের ঝগড়ার খবর পেয়ে সে ক্ষুব্ধ হয়। প্রতিশোধ ও হয়রানির উদ্দেশ্যে গোপনে চট্টগ্রাম থেকে বাড়িতে এসে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের চেষ্টা করে এবং পরে পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।

এ ঘটনায় **সাতকানিয়া থানায় মামলা রুজু করা হয়েছে**। অভিযুক্ত রাজীব দাস ঘটনার দায় স্বীকার করে **বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন** বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *