সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাদশ শ্রেণির পড়ুয়া সুলতানা ইয়াছমিন মিনা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা খতিজার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সুলতানা ইয়াছমিন মিনা (১৭) ওই এলাকার মৃত আহমদ হোসেনের মেয়ে। সে উপজেলার আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

উপজেলার চরতি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হানিফ জানান, বৈদ্যুতিক প্লাগে অসাবধানতাবশত হাত স্পর্শ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি, সুলতানা ইয়াছমিন মিনা তাদের নির্মাণাধীন বসতঘরে কাজ করার সময় বৈদ্যুতিক প্লাগে অসাবধানতাবশত হাত স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়।

এতে তার হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হলে স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *