হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। পুলিশ জানিয়েছে, সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব মৃধা (২৫), পিতা জাহাঙ্গীর মৃধা; রুবেল মৃধা (৩০), পিতা জাহাঙ্গীর মৃধা; মিল্টন হাওলাদার (২০), পিতা মজিবুর রহমান; সেলিনা বেগম (৫৫), স্বামী নূর মোহাম্মদ; সোহেল হাওলাদার (২৭), পিতা মজিদ হাওলাদার; রাশেদ মৃধা, পিতা মৃত মালেক মৃধা এবং শহিদুল ইসলাম (২৮), পিতা মোবারক খলিফা।

ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *