আবদুল আজিজ:
চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা থানা পুলিশের অভিযানে ০৩ রাউন্ড কার্তুজ, ০১টি রামদা ও ৩২০ পিস ইয়াবা ট্যাবলটসহ ০২ জন আসামী গ্রেফতার হয়েছে এবং পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।
রবিবার ০৪ জানুয়ারী বেলা ৩ টার দিকে সাতকানিয়া থানা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সুদীপ্ত রেজা (জয়ন্ত)-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতকানিয়া থানাধীন ০৯ নং পশ্চিম ঢেমশা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত ইছামতি আলীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জনৈক ইফতেকার (২৬), পিতা-মোঃ ইউনুছ, মাতা-নিলুফা আক্তার, সাং-পশ্চিম ঢেমশা, ০৪ নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার পূর্বক তার বসত বাড়ির ছাগলের গোয়াল ঘর হতে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় দেশীয় তৈরি দ্বি-খন্ডিত (কাঠের বাট ও ব্যারেল যুক্ত) ১টি এলজি, ৩টি ১২ বোর শর্টগানের (লিডবল) কার্তুজ এবং কাঠের হাতল যুক্ত ০১টি লম্বা রামদা/কিরিছ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নম্বর-০৩, তারিখ- ০৪/০১/২০২৬ইং, ধারা – The Arms Act, 1878 এর 19(A)/19(f) রুজু করা হয়।
এছাড়াও ০৪/০১/২০২৬ ইং সকাল ৭ টার দিকে সাতকানিয়া থানার এসআই (নিঃ) উত্তম কুমার রাজবংশী এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০ নং কেঁওচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খুনি বটতল এলাকায় জনার কেঁওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার গেইট সংলগ্ন পশ্চিম পার্শ্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্টে জনৈক রবিউল আলম (৩৪), পিতা- আবু বক্কর, মাতা-গুলবাহার, সাং-গুনারপাড়া, হাঁসের দিঘী, ০৯ নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারের পায়ে থাকা ০২ (দুই) লেয়ার বিশিষ্ট এপেক্স জুতা ভিতর হতে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে আসামীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-০২, তারিখ-০৪/০১/২০২৬ইং, ২০১৮ এর ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।
মামলা দুটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।