স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় ফিরে দুর্দান্ত পারফর্ম করলেও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়ে রেখেছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষটা নিজের সাবেক ক্লাব ডায়নামো জাগরেবেই করতে চান তিনি। এরপর সেখান থেকেই ফুটবল কোচিংয়ে আসার ইচ্ছা রয়েছে তাঁর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওলমোর এজেন্ট অ্যান্ডি বারা তাঁর এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। বারা বলেন, ক্রোয়েশিয়ার সঙ্গে ওলমোর গভীর সম্পর্ক রয়েছে। এমনকি বর্তমানে বার্সেলোনায় থাকার সময়ও তিনি নিজের বাড়িতে নাম ও ৭ নম্বর লেখা ডায়নামো জাগরেবের জার্সি পরেন।
খেলোয়াড়ি জীবনের পাশাপাশি মানবিক কাজেও দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ২৮ বছর বয়সী এই তারকা। আরবি লাইপজিগে খেলার সময় থেকে শুরু করে বার্সেলোনায় যোগ দেওয়ার পর পর্যন্ত প্রতি বছর নিজের মোট বাৎসরিক বেতনের ২ শতাংশ ক্রোয়েশিয়ার ভুকোভার শহরে দান করে আসছেন ওলমো। এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। সম্প্রতি তাঁর এজেন্ট বিষয়টি প্রকাশ্যে আনেন।
এদিকে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে ওলমোর সম্ভাব্য ট্রান্সফার নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও আপাতত বার্সেলোনাতেই মনোযোগী তিনি। একাদশে নিজের স্থায়ী জায়গা নিশ্চিত করার পাশাপাশি চলতি মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ট্রফি জেতাই তাঁর বর্তমান প্রধান লক্ষ্য।