বিনোদন ডেস্ক:
ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৩ জুলাই থেকে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ছবিটি দেখা যাবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে চরকি। নিজেদের ফেসবুক পেজে এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, “অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।”
পরিচালক আজমান রুশো নির্মিত ‘রকস্টার’ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। দীর্ঘদিন বিজ্ঞাপনচিত্র নির্মাণের পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ছবিটিতে প্রথমবারের মতো একজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
ছবির গল্পে দেখা যায়, শাস্ত্রীয় সংগীতশিল্পীর ছেলে আগুন বাবার পথ অনুসরণ না করে রক সংগীতকে বেছে নেয়। নিজের প্রতিভা ও পরিশ্রমে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করলেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, প্রেম ও সম্পর্কের জটিলতায় তার জীবনে নেমে আসে বিপর্যয়। ভালোবাসা, সাফল্য, অহংকার, অনুতাপ এবং আত্মউপলব্ধির গল্প নিয়েই এগিয়ে যায় ‘রকস্টার’-এর কাহিনি।
শাকিব খানের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান এবং কাজী সাবির।
ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিব খানের ঠোঁটে থাকা গানগুলোর কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। এছাড়া সিনেমায় আরও দুটি গান গেয়েছেন পান্থ কানাই ও অংকন কুমার।
ঈদে মুক্তির পর ‘রকস্টার’ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে ওটিটিতে মুক্তির মাধ্যমে নতুন করে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাবে সিনেমাটি—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।