সুখী-সমৃদ্ধ দেশ গড়তে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিতে উৎসুক: ইউনুস আলী

নাটোর প্রতিনিধি:

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে ১১-দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত, ন্যায়-ইনসাফ ভিত্তিক এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এবার কোনো ভয়ভীতি বা ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবে না। দেশের জনগণ এখন সচেতন, তাদের আর বোকা বানানো যাবে না।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনুস আলী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামীতে ন্যায়-ইনসাফ ভিত্তিক সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, সম্প্রীতির রাজনীতি ও উন্নয়নের চিন্তাধারা তুলে ধরেন।

ইউনুস আলী আরও বলেন, “আপনাদের কোনো সমস্যার জন্য আমার পেছনে ঘুরতে হবে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি নিজেই ঘুরে ঘুরে দেখব কোথায় কী প্রয়োজন এবং সেই অনুযায়ী কাজ বাস্তবায়নের চেষ্টা করব।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের অর্থ সম্পাদক সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. জিয়াউল হক জিয়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মো. আফতাব আলী, নলডাঙ্গা থানা আমীর মাওলানা মো. আব্দুর রব, নাটোর শহর শাখার আমীর রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণের থানা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন এবং খাজুরা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারবৃন্দ।

গণসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট বিপ্লব ও সমর্থনের মাধ্যমেই একটি ন্যায়-ইনসাফ ভিত্তিক, সৎ, যোগ্য এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *