সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

আব্দুল গফুর:

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। আদালতে রায় ঘোষণার সময় আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয়। রায়কে কেন্দ্র করে আদালতপাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ ও তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। তিনি বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড ছিল এবং রাষ্ট্রপক্ষ শুরু থেকেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে ডুলহাজারা এলাকায় যৌথ বাহিনীর একটি দল ডাকাত দমনে অভিযান চালায়। অভিযানে অংশ নেন সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। অভিযান চলাকালে তিনি দুই ডাকাতকে জাপটে ধরলে অন্য সদস্যরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে একে একে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে আটক করে। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *