সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী সেবা গ্রহীতা ও তাদের শিশুদের জন্য ব্যতিক্রমী মানবিক সেবা কেন্দ্র ‘স্নেহকুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে প্রতিদিন সেবা নিতে আসা নারী সেবা গ্রহীতাদের অনেক সময় ছোট শিশুদের সঙ্গে নিয়ে আসতে হয়। কিন্তু পর্যাপ্ত বিশ্রামাগার বা শিশুর জন্য আলাদা সুবিধা না থাকায় তারা নানা ধরনের অসুবিধা ও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতেন। এই বাস্তবতাকে সামনে রেখে উপজেলা প্রশাসন ‘স্নেহকুঞ্জ’ নামে একটি ব্রেস্ট ফিডিং কর্নার ও অপেক্ষাগার চালু করে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায় এই কর্নারটি চালু করা হয়। এতে নারী ও শিশুদের উপজেলা পরিষদে অবস্থানকালীন সময় আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করার লক্ষ্য রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “সরকারি সেবা গ্রহণ করতে এসে কোনো মা যেন বিব্রত না হন, কোনো শিশু যেন কষ্ট না পায়—এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ‘স্নেহকুঞ্জ’ একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। এই ধরনের উদ্যোগ সেবাকে আরও জনবান্ধব ও নারীবান্ধব করে তুলবে।”

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব সরকারি দপ্তরকে ধাপে ধাপে নারীবান্ধব ও সেবামুখী পরিবেশ গড়ে তুলতে হবে। তার মতে, ছোট ছোট মানবিক উদ্যোগই প্রশাসনিক ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) নিলুফা ইয়াসমিন, ফতুল্লা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা পিআরও পবিত্র মন্ডলসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সরকারি সেবাকে আরও সহজ, মানবিক ও গ্রহণযোগ্য করে তুলবে এবং অন্যান্য উপজেলাতেও এটি অনুসরণ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *