মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে চার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক ব্যবসা, নারী ও শিশু অপহরণসহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এর সার্বিক তত্ত্বাবধানে গত ১৯ মে ২০২৬ তারিখে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই ইকরাম উজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, সোনারগাঁও থানাধীন পিরোজপুর ও মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একযোগে অভিযান চালানো হয়। দীর্ঘ সময় নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে চারজন চিহ্নিত ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—
১। ডাকাত সর্দার মোঃ রুবেল (৩২), পিতা- মোঃ হানিফা, সাং- রতনপুর, ইউপি-পিরোজপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
২। মোঃ উজ্জ্বল (৩৫), পিতা- মৃত আফসার, সাং- হাবিবপুর, ইউপি-মোগড়াপাড়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
৩। ডাকাত সর্দার আল আমিন (৩২), পিতা- আক্কুল আলী, সাং- পিরোজপুর, ইউপি-পিরোজপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
৪। ইলিয়াছ বাবু (২৬), পিতা- আক্তার হোসেন, সাং- পিরোজপুর, ইউপি-পিরোজপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ ডাকাতি, মাদক কারবার এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাদের কর্মকাণ্ড নিয়ে আতঙ্ক বিরাজ করছিল।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপরাধীদের ধরতে পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। অবশেষে নির্ভুল তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে থানা পুলিশ।