মোহাম্মদ হোসেন সুমন:
শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায় এবং জেলার শ্রমিক আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রফিকুল ইসলাম-কে আহ্বায়ক এবং এম জসিম উদ্দিন-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) হোটেল বীচ ওয়ে-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় জেলার ১২টি জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন স্কপ কক্সবাজার জেলা কমিটির আহ্বায়ক করিম উল্লাহ এবং পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আসাদুল হক আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম, নাজিম উদ্দীন, সৈয়দ হাসান, মোহাম্মদ ইয়াকুব, ইরফানুল হক, ফরিদুল আলম, মোহাম্মদ রাশেদুর রহমান ও প্রদীপ পালসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। নতুন কমিটি শ্রমিকদের দাবি আদায়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বাংলাদেশের শ্রমিক অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত একটি ঐতিহাসিক ও শীর্ষস্থানীয় যৌথ ট্রেড ইউনিয়ন মঞ্চ। ১৯৮৩ সালের ১৩ এপ্রিল প্রতিষ্ঠিত এ সংগঠন সামরিক শাসনামল থেকে শুরু করে দেশের শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।