স্ত্রীকে সাপে কাটল, সাপ মেরে হাসপাতালে ছুটলেন স্বামী

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামে বিষধর গোখরা সাপের দংশনে আহত স্ত্রীকে হাসপাতালে নেওয়ার সময় সাপটিকেও মেরে ব্যাগে করে সঙ্গে নিয়ে গেছেন স্বামী জাফর আহমদ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।সাপে দংশনের শিকার ৭০ বছর বয়সী ছকিনা বেগমকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।জাফর আহমদ জানান, বেলা ১১টার দিকে তার স্ত্রী ছকিনা বেগম বাড়ির বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি কালো রঙের সাপ এসে তাকে দংশন করে দ্রুত সরে যায়। পরে তিনি সাপটিকে খুঁজে বের করে পিটিয়ে মেরে একটি ব্যাগে ভরে রাখেন। স্ত্রীকে হাসপাতালে নেওয়ার সময় সাপটিকেও সঙ্গে নিয়ে যান।হাসপাতালে সাপটি দেখে চিকিৎসকরা সেটিকে বিষধর গোখরা বলে শনাক্ত করেন।পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ভর্তির পর ছকিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা দিলে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, সাপে দংশনের পর রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর এলাকায় শাফায়েত হোসেন রাফাত (৩) নামে এক শিশুও বিষধর গোখরা সাপের দংশনের শিকার হয়। পাঁচ দিনের ব্যবধানে একই উপজেলায় আবারও গোখরা সাপের দংশনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *