হরমুজ প্রণালি থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালির কাছ থেকে মার্কিন যুদ্ধজাহাজের বহর সরে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো প্রণালির মুখ থেকে অন্তত ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

বুধবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির এই মুখপাত্র বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি ও এর আশপাশে নিয়মিত ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ টহল দিত। তবে বর্তমানে কৌশলগত এই জলপথ কিংবা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নেই বলে দাবি করেন তিনি।

মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালির মুখ থেকে কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিগুলোকে ইরানের ওই সামরিক কর্মকর্তা দৃশ্যমান পরাজয়কে বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা হিসেবে বর্ণনা করেন। তার দাবি, দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সক্ষমতা ও সাংগঠনিক কাঠামো মার্কিন সামরিক বাহিনীর নেই।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটন আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবির সঙ্গে ইরানের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে এই বক্তব্য এলো।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালিটির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে তেহরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তির পর ইরান হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নেয় এবং ইরানের বন্দরগুলো থেকেও মার্কিন নৌবাহিনী প্রহরা প্রত্যাহার করে।

তবে ১৩ জুলাই ইরান ইসলামাবাদ চুক্তি থেকে বের হয়ে যায় এবং হরমুজ প্রণালিতে আবারও অবরোধ জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *