হরিপুরে তিস্তা তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক সরানোর অভিযোগ, ভাঙনের শঙ্কা

 


সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় মাওলানা ভাসানী সেতু সংলগ্ন তিস্তা নদীর তীর সংরক্ষণ বাঁধ থেকে সিসি ব্লক সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নদীভাঙন প্রতিরোধে সরকারি অর্থায়নে স্থাপন করা এসব ব্লক কিছু ব্যক্তি নিজেদের ঘরবাড়ি নির্মাণ ও বসতভিটা বাঁধাইয়ের কাজে ব্যবহার করছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের ভাষ্য, নদীর তীর রক্ষায় কোটি টাকা ব্যয়ে বসানো সিসি ব্লকগুলো একের পর এক খুলে নেওয়া হচ্ছে। এতে বাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়ছে এবং বর্ষা মৌসুমে তিস্তার স্রোত বাড়লে নতুন করে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হরিপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “তীর সংরক্ষণ বাঁধটি আমাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিসি ব্লক সরিয়ে নেওয়া বন্ধ না হলে বর্ষায় নদী আবার ঘরবাড়ি ও ফসলি জমির দিকে এগিয়ে আসতে পারে।”

আরেক স্থানীয় বাসিন্দা মোছাঃ শিউলি বেগম বলেন, “সরকারি টাকায় মানুষের নিরাপত্তার জন্য ব্লক বসানো হয়েছে। কেউ যদি সেগুলো নিয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে পুরো এলাকার মানুষ। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

স্থানীয়রা জানান, বাঁধের সিসি ব্লক চুরি বা অপসারণ বন্ধে নিয়মিত নজরদারি বাড়ানো জরুরি। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তারা আরও বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তিস্তা নদীর ভাঙনে হরিপুরসহ আশপাশের নদীতীরবর্তী জনপদ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *