ক্রীড়া ডেস্ক ::
শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর মঙ্গলবার রাতে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। শুরু থেকেই একাদশে ছিলেন তিনি। আর মাঠে নেমেই পেলেন জয়ের স্বাদ। চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়ে চলতি মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড।
চলতি মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে বোল্টনের মুখোমুখি হয় শেফিল্ড। আগের তিন ম্যাচে হার না থাকলেও জয়ও পায়নি দলটি। তিন ম্যাচই ড্র হওয়ায় প্রথম জয়ের অপেক্ষায় ছিল শেফিল্ড। হামজার মাঠে নামার রাতেই সেই অপেক্ষার অবসান হলো।
ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। বল দখলে সামান্য এগিয়ে ছিল স্বাগতিক শেফিল্ড। ম্যাচের ৫৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। গোলমুখে মোট ২০টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে তিনটি থেকে গোল আদায় করে নেয়।
অন্যদিকে, বোল্টন ৪৭ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে রাখে। আক্রমণেও তারা কম যায়নি। শেফিল্ডের গোলমুখে মোট ২১টি শট নেয় সফরকারীরা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। সেখান থেকে দুটি গোল পায় তারা।
ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে হামজা চৌধুরীর শেফিল্ড। জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। তিন মিনিট পরই সমতায় ফেরে শেফিল্ড। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও প্রথম গোলের দেখা পায় বোল্টন। সফরকারীদের হয়ে দ্বিতীয়বারের মতো দলকে এগিয়ে দেন স্যাম ডালবি। তবে এক মিনিটের মধ্যেই আবারও ম্যাচে সমতা ফেরায় শেফিল্ড। প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-২।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পথে এগোচ্ছিল দুই দল। মনে হচ্ছিল ২-২ সমতায় শেষ হবে ম্যাচটি। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়তা বাড়িয়ে দেয় শেফিল্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোল করেন রোমেলে ডোনোভান।
শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড। আর দলটির হয়ে প্রথমবার মাঠে নেমেই জয়ের সাক্ষী হলেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী।