নিজস্ব প্রতিবেদক:
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ৫৭ জনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৮৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন।