আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজন হলে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে সৌদি আরবের সীমান্তে অবস্থানরত সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। বৃহস্পতিবার রাতে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে সৌদি গ্র্যান্ড মুফতি দেশের সুরক্ষা, সীমান্ত রক্ষা এবং ভূখণ্ডের ওপর যেকোনো আক্রমণ প্রতিহত করাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ দায়িত্ব পালনে প্রয়োজনে জীবন ও আত্মা উৎসর্গ করা যেতে পারে।
বিবৃতিতে কোরআনের বিভিন্ন আয়াত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ত্যাগ ও সংগ্রামসংক্রান্ত হাদিসের উল্লেখ করা হয়েছে। সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের ধৈর্য, সতর্কতা ও দায়িত্ব পালনে প্রস্তুত থাকার পাশাপাশি শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ মেনে চলার আহ্বান জানান গ্র্যান্ড মুফতি।
তিনি সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কর্তৃত্ব পুরো দেশে প্রতিষ্ঠাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হুথিদের পরাজয় এবং তাদের সহযোগী ও সমর্থকদের পরাজয়ের জন্য প্রার্থনা করেন।
সৌদি আরব ও হুথিদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত তীব্র হয়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
গ্র্যান্ড মুফতি সীমান্তে থাকা সেনাদের উদ্দেশে বলেন, তাদের সবসময় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সামরিক কমান্ডারদের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। মুসলমানদের পবিত্র স্থানগুলোর সুরক্ষায় দায়িত্ব পালনকারী সেনাদের মহানবী (সা.)-এর সাহাবিদের পদাঙ্ক অনুসরণকারী বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে সৌদি কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে হুথিদের বিরুদ্ধে তাদের বক্তব্য আরও জোরালো করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে হুথিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও প্রচার করা হয়েছে। তবে এসব অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।