২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি:

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে।

১৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ও ‘ডি’ ইউনিটের (আর্কিটেকচার) পরীক্ষা এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানের সভাপতিত্বে জিএসটি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া আরও তিনটি নতুন বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মতামতকে গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *