কক্সবাজার প্রতিনিধি:
রামু উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিজয়ী উৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রামু প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট শিল্পী আবুল কাশেমের নেতৃত্বে দিনব্যাপী এ উৎসবের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।
উৎসবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব। স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয়ী উৎসব নতুন প্রজন্মকে মেধা, সৃজনশীলতা ও সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। একই সঙ্গে এ ধরনের আয়োজন সংস্কৃতি চর্চা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, রামু উপজেলার মেধাবী ও কৃতীজনদের স্বীকৃতি দিতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উৎসব নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।