নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র জমা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসিফ আল জিনাতের কাছ থেকে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নাসিক-৭, ৮, ৯ এর সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মনোনয়নপত্র গ্রহণের সময় আয়শা আক্তার দিনা সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, “নারায়ণগঞ্জ বিএনপির রাজপথের ত্যাগী নেতা আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনে (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। দেশনায়ক জনাব তারেক রহমানের দলীয় সিদ্ধান্ত ও নির্দেশ অনুসারে জনগণের সমর্থন নিয়ে আমাদের প্রার্থী বিজয় অর্জন করবেন ইনশাআল্লাহ্। বিজয় অর্জনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও দেশের কল্যাণে কাজ করে যাবেন মান্নান ভাই।”

তিনি আরও বলেন, “আজহারুল ইসলাম মান্নান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বদা অগ্রণী ভূমিকা রাখেন। তাই জনগণও তার প্রতি আস্থা ও সমর্থন জানাচ্ছেন।”

এ সময় জেলা ও উপজেলা বিএনপিসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন এবং প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন। তারা নির্বাচনের মাধ্যমে জনসাধারণের আস্থা পুনঃস্থাপন ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে এই মনোনয়নপত্র জমা বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে গণ্য করা হচ্ছে। স্থানীয় রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন, আজহারুল ইসলাম মান্নান একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা তৈরি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *