‘হ্যাঁ ভোট’ মানে সংস্কার, ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত: ড. বদিউল আলম মজুমদার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংস্থার সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘হ্যাঁ ভোট’ মানে আপনি সংস্কারের পক্ষে। আর ‘না’ ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে, অর্থাৎ স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মজুমদার বলেন, “দুঃখজনক হলেও সত্য, সরকার যে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি তারা করেনি। সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো। এই জগদ্দল পাথর সরানো বড় দুরূহ। আশা করি, তারা যথাযথ প্রচার চালাবে।”

তিনি আরও উল্লেখ করেন, এবারের নির্বাচনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি মৌলিক সংস্কারের বিষয়ে নাগরিকদের সরাসরি মতামত প্রদানের সুযোগ থাকবে। মোট ৪৮টি বিষয়কে চারটি প্যাকেজে ভাগ করা হয়েছে এবং এই চারটি প্যাকেজে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে। সুজন এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে এবং শীঘ্রই নাগরিকদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে। ড. মজুমদার বলেন, “মানুষ যেন জানে, কি কি সংস্কার হবে এবং এই সংস্কারের মাধ্যমে তারা কি সুফল পেতে পারেন।”

সংস্কারের বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, তিনি নিজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং পঞ্চদশ সংশোধনী বাতিল সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী ফিরে আনার জন্য আদালতে গিয়েছিলেন। বর্তমানে সংশোধনীটি ফিরে এসেছে। যদিও পঞ্চদশ সংশোধনীর রায় স্থগিত আছে, আশা করা যাচ্ছে আগামী মার্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এবং দেশে ফের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে।

সভায় উপস্থিত ছিলেন সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েল এবং সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ

এছাড়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু এবং সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ সভাপতি কাজী আনিসুল হক হীরা, বিভিন্ন রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এবং প্রবাসী নাগরিকরা উপস্থিত ছিলেন।

ড. বদিউল আলম মজুমদার সভায় যোগ করেছেন, “গণভোটের মাধ্যমে নাগরিকরা দেশের ভবিষ্যৎ সংস্কারের বিষয়ে সরাসরি সিদ্ধান্ত দিতে পারবে। এটা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং আশা করি জনগণ সচেতনভাবে অংশগ্রহণ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *