মোহাম্মদ হোসেন হ্যাপী:
ফতুল্লা থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা গুলি এবং দুইশত বাইশ পিছ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ শরিফ হোসেন (৩৩)। তিনি ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়া দরগা বাড়ীর সাহাবুদ্দিন মিয়া ওরফে সাবুদ আলী ফকিরের পুত্র।
সোমবার দুপুর দুইটার দিকে ফতুল্লা মডেল থানা সীমান্তের লামাপাড়া দরগা বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্র, গুলি এবং ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ক সার্কেল) পরিদর্শক কাজী মোহাম্মদ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় গ্রেপ্তারকৃত যুবকের বসত ভিটা তল্লাশি করে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা গুলি এবং দুইশত বাইশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সফল অভিযানের মাধ্যমে মাদক ও অস্ত্র চক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের আশা করা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা ট্যাবলেট এবং গুলি সহ গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যেই ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়টি বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি এজাহার দিয়েছে।”
প্রতিবেদকের অনুসন্ধান অনুযায়ী, এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছিল। তাই এই অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশা করছে, গ্রেপ্তারকৃত যুবকের মাধ্যমে অবৈধ অস্ত্র ও মাদক চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে আরও অভিযান চালানো সম্ভব হবে।