মনজুর আলম:
কক্সবাজারে ঈদগাহ উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। পথে পথে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে। গণসংযোগ শুরু হয় সকাল ৮ টায় পোকালি ইউনিয়ন থেকে এবং শেষ হয় ইসলামপুর ইউনিয়নে এসে।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল; কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মমতাজুল ইসলাম; ঈদগাহ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম; সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। গণসংযোগ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “এক ধরনের সাদা কবুতর বের হয়েছে যা ধানকে খেয়ে ফেলতে চায়। সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে যাতে এই সাদা কবুতর ধান খেয়ে ফেলতে না পারে। আপনারা আমার জন্য ১৫ দিন কষ্ট করবেন, আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করবো।”
ইসলামপুর ইউনিয়নের এই পথসভায় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিনিয়র, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি হারুনর রশীদ। এছাড়াও বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।