সিদ্ধিরগঞ্জের আলামিন নগরে রাস্তা নির্মাণ বন্ধ: এক বাসিন্দার অনীহার কারণে থমকে আছে উন্নয়ন কাজ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার **১নং ওয়ার্ডের মিজমিজি আলামিন নগর এলাকায়** প্রায় **৭৫০ মিটার দীর্ঘ রাস্তা নির্মাণ কাজ** স্থানীয় এক বাসিন্দার জায়গা দিতে অনীহার কারণে বন্ধ হয়ে রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

সরেজমিনে জানা যায়, রাস্তাটির উন্নয়ন কাজে এলাকার অধিকাংশ বাড়ির মালিক ও বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ জায়গা ছেড়ে সহযোগিতা করেছেন। এমনকি অনেকেই তাদের ভবনের সীমানা দেয়াল ভেঙে রাস্তা প্রশস্ত করার সুযোগ করে দিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দা ও **সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ভাতিজা কামরুল** তার খালি জায়গার বাউন্ডারি ভাঙতে রাজি না হওয়ায় পুরো প্রকল্পটি বাধাগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, একজন ব্যক্তির অসহযোগিতার কারণে সকলের স্বার্থে নেওয়া এই উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে থমকে রয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।

এদিকে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন **নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম**। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলীকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করে দ্রুত সমস্যার সমাধান করে রাস্তার ঢালাই কাজ শুরু হবে বলে এলাকাবাসীকে আশ্বাস দেন।

আলামিন নগর **বাইতুল নাজা জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মহিউদ্দিন** নাসিক কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে অনুরোধ জানান। তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ থাকায় এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মসজিদ কমিটির সহ-কোষাধ্যক্ষ **ইসহাক** বলেন, “এলাকার সকল বাড়ির মালিক সাততলা ভবনের সানসেট দেয়াল পর্যন্ত ভেঙে দিয়েছেন এই রাস্তার জন্য। কিন্তু একজন ব্যক্তি তার বাউন্ডারি দেয়াল ভাঙতে অনীহা প্রকাশ করছেন। আমরা এর একটি সুষ্ঠু ও ন্যায্য সমাধান চাই, যাতে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন হয়।”

এসময় উপস্থিত ছিলেন আলামিন নগর বাইতুল নাজা জামে মসজিদের সভাপতি **শাখাওয়াত হোসেন**, সিনিয়র সহ-সভাপতি **মোশারফ হোসেন**, সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক **আব্দুল সাত্তার**, কোষাধ্যক্ষ **মহিউদ্দিন**, সহ-কোষাধ্যক্ষ **ইসহাক**, প্রচার সম্পাদক **মেহেদী হাসান**, **মো. আব্দুল জলিল**, বিএনপি নেতা **রোমান**, **হাবিবুর রহমান**, **হারুনুর রশিদ**, **মো. আলমগীর হোসেন**, **মফিজুল মহিসহ** এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তি ও পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করে উন্নয়ন কাজ পুনরায় শুরু করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *