মোঃআনজার শাহ
২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লবের চেতনায় সর্বদলীয় জাতীয় ঐক্যের প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করা জুলাই মঞ্চ তাদের ১২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কাঠামো অনুমোদন দিয়েছে। “ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত” শ্লোগানকে সামনে রেখে এই কাঠামো অনুমোদন করা হয়, যা জুলাই মঞ্চের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার শাহবাগে শহীদ হাদী চত্বরে অবস্থিত জুলাই মঞ্চের অস্থায়ী কার্যালয় থেকে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানানো হয়। ঘোষণায় বলা হয়, ২০২৪ সালের জুলাই বিপ্লবে অংশ নেওয়া সর্বদলীয় রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র-জনতার সম্মিলিত প্রয়াসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এই আহ্বায়ক কাঠামো গঠন করা হয়েছে।
নতুন কাঠামোতে আরিফুল ইসলাম তালুকদারকে আহ্বায়ক এবং গোলাম রহমানকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। গোলাম রহমান একই সঙ্গে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় আহ্বায়ক কাঠামোতে আরও রয়েছেন নাজমুস সাকিব, শাহরিয়ার মান্নান আসিফ, আব্দুজ জাহের, ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক, জসিমউদ্দীন আকাশ, আরিফ হোসেন, আবুল কাশেম মজুমদার, নিজাম উদ্দিন, রুহুল আমিন লিফটন, আলহাজ্ব মাসুম বিল্লাহ, এডভোকেট মো. মঈনুদ্দিন, এস এম শাহজালাল সাইফুল, মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এছাড়া সাধারণ মুখ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট হাবিবুর রহমান, যিনি আইনি সুরক্ষার বিষয়টি দেখভাল করবেন। কাঠামোর অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আলামিন শেখ, মহসীন ভূঁইয়া, ইসমাইল হোসেন শান্ত সরকার, মুখলেস উদ্দিন মিয়া, দেওয়ান শরীফ, আকাশ শিকদার, আব্দুল্লাহ আল আবরার, আব্দুল্লাহ আল মামুন, নাইম উদ্দীন লিখন, মো. ইমদাদুল হক, মাসুদ রানা, সাদ্দাম হোসেন, জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, রুহুল আমিন, মানিক আহমেদ, এসকে লিমন ও আরিফুল ইসলামসহ আরও অনেকে।
ঘোষণায় স্পষ্ট করা হয়, এই কাঠামো পদক্রম বা জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত নয়। বরং জুলাই বিপ্লবের চেতনা ধারণকারী যোদ্ধা ও অংশীজনদের সম্মিলিত নেতৃত্বের প্রতিফলন ঘটানোই এর মূল লক্ষ্য।
জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, দেশের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব সুরক্ষায় জুলাই মঞ্চ একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে কাজ করবে। তিনি জানান, বিভাগীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে শিগগিরই এই কাঠামো বর্ধিত করা হবে।
জুলাই মঞ্চের সদস্য সচিব সাকিব হোসেন বলেন, “জুলাই বিপ্লব কোনো একক দলের আন্দোলন নয়। এটি জনগণের সম্মিলিত চেতনার বহিঃপ্রকাশ। সেই চেতনা ধারণ করেই জুলাই মঞ্চ সামনে এগিয়ে যাবে।”