নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসকের প্রথম কর্মদিবস

মোহাম্মদ হোসেন হ্যাপী:

বুধবার সকাল ৯টায় দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো অফিস কার্যক্রম শুরু করেন এড. সাখাওয়াত হোসেন খাঁন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক আন্তরিক ও উষ্ণ পরিবেশের সৃষ্টি হয়।

নবনিযুক্ত প্রশাসককে ফুলেল তোড়া দিয়ে স্বাগত জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলরবৃন্দ, বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।

সকলের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছায় অভিভূত হয়ে প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খাঁন তাঁর অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম বলেন, প্রশাসকের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। নগরবাসীর কল্যাণে গৃহীত সকল প্রকল্প বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

নবনিযুক্ত প্রশাসকের প্রথম কর্মদিবসকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সকলেই আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব নগরীতে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *