মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেটের কাঠেরপুল এলাকায় অবস্থিত ‘মোতালেব মনোয়ারা গার্মেন্টস’-এর শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে। প্রশাসন, মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ ৭ ঘণ্টার ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সমঝোতা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) চাষাড়ার সলিমুল্লাহ রোডে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা, মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সক্ষম হয়।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল জানান, মোতালেব মনোয়ারা গার্মেন্টসের প্রায় সাড়ে তিনশ শ্রমিক গত চার মাস ধরে তাদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছিলেন। অবশেষে বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের মোট পাওনার ৫৫ শতাংশ পরিশোধে সম্মত হয়েছে। বাকি অংশ কবে নাগাদ পরিশোধ করা হবে, সে বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা দ্রুতই নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, শ্রমিক নেতা সুমন হাওলাদার ও আব্দুর রব রবিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রায় চার মাস আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গার্মেন্টসটি বন্ধ হয়ে গেলে কর্মরত শ্রমিকরা চরম অনিশ্চয়তায় পড়ে যান। দীর্ঘদিন ধরে বকেয়া বেতনের দাবিতে তারা রাজপথে আন্দোলন চালিয়ে আসছিলেন। এই সমঝোতার ফলে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বিষয়টি প্রশাসনের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।