টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোঃ মশিউর রহমান:

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে টাঙ্গাইল জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আদালত অঙ্গনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ আদালতের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও আলোচকরা সরকারি আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে আইনি সহায়তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আবদুল মজিদ, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মোশারফ হোসাইন, পারিবারিক আদালতের বিচারক বেগম ফাতেমা জাহান স্বর্ণা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন এফ এম মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলা লিগাল এইড অফিসার মিনহাজ উদ্দিন ফরাজি, আইনজীবী সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম এবং সরকারি কৌশলী পিপি শফিকুল ইসলাম রিপনসহ সংশ্লিষ্টরা।

বক্তারা তাদের বক্তব্যে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে সরকারি আইনি সহায়তার সুবিধা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সাধারণ মানুষকে এই সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় জানানো হয়, সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন, যা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *