নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত: পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনের অঙ্গীকার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা এবং সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা গেলে ভবিষ্যতের বাংলাদেশ আরও শক্তিশালী হবে। সরকার ইতোমধ্যে ভিটামিন-এ ক্যাপসুল, কৃমিনাশক ওষুধ এবং পুষ্টি পরামর্শসহ নানা সেবা বিনামূল্যে দিচ্ছে। এসব সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান বলেন, “জাতীয় পুষ্টি সপ্তাহের মূল উদ্দেশ্য হলো মানুষকে সহজলভ্য ও পুষ্টিকর খাবার গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বৃদ্ধি করা।”

অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলায় পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *