স্টাফ রিপোর্টার:
সাংবাদিকতা ও সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দৈনিক স্বাধীন সংবাদ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন সাংবাদিক ও সমাজকর্মী মো: আরাফাত হোসেন (বনি)।
গতকাল ২৮ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো: আনোয়ার হোসেন আকাশ আনুষ্ঠানিকভাবে এই ‘সার্টিফিকেট অফ এক্সিলেন্স’ এবং অনুষ্ঠানের উদ্বোধক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নুর আহমদ মো: আরাফাত হোসেনের হাতে এই বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো: আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান মুনাওয়ার মইনুল।
সম্মাননা পত্রে উল্লেখ করা হয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজকল্যাণমূলক কাজে বিশেষ দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দেওয়ায় তাঁকে এই উচ্চমর্যাদাসম্পন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। মো: আরাফাত হোসেন দীর্ঘ সময় ধরে আর্তমানবতার সেবা এবং লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছেন।
পুরস্কার প্রাপ্তির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো: আরাফাত হোসেন (বনি) বলেন, “যেকোনো সম্মাননা কাজের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়। সাংবাদিকতা ও সমাজকল্যাণের মাধ্যমে দেশের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। এই স্বীকৃতির জন্য আমি দৈনিক স্বাধীন সংবাদ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।”
উল্লেখ্য, মো: আরাফাত হোসেন (বনি) তাঁর পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর এই সাফল্যে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।