মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মসজিদের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, মসজিদের ইমামসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদটির দ্বিতীয় তলার আংশিক অংশে ঢালাই করা হলেও বাকি অংশ টিন দিয়ে নির্মিত ছিল। দীর্ঘদিন ব্যবহারের কারণে টিনগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে মরিচা ধরে ছিদ্র হয়ে যায়। ফলে কয়েক মাস ধরে সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলার ফ্লোরে পানি জমে যেত এবং মুসল্লিদের নামাজ আদায়ে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হতো।
এ অবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদটি পুনঃসংস্কারের কাজ হাতে নেওয়া হয়। পুরোনো টিন পরিবর্তন করে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে স্থায়ী কাঠামো নির্মাণ করা হচ্ছে। সংস্কার কাজ সম্পন্ন হলে বৃষ্টির সময় শত শত মুসল্লির নামাজ আদায়ে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বৃষ্টির সময় তাদের ভোগান্তি আমাদের ব্যথিত করেছে। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের দায়িত্ব। দ্রুততম সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কাজ সম্পন্ন হলে মুসল্লিরা বৃষ্টির সময়ও স্বস্তিতে ইবাদত করতে পারবেন।”
স্থানীয় মুসল্লিরা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান।