চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্তসহ ১০ আসামি গ্রেফতার

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ মে) চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয়, কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে চকরিয়া থানা এলাকা, চকরিয়া পৌরসভার নতুন বাসস্টেশন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেট, পিউরিয়া, মাতামুহুরী ব্রিজ এলাকা ও চিরিংগা স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত ৭ জন এবং সাইবার স্পেসে বিভিন্ন অবৈধ অ্যাপের মাধ্যমে পরিচালিত অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত মামলার এজাহারনামীয় ৩ জনসহ সর্বমোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন, “অনলাইন জুয়া বর্তমানে যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে অনেক তরুণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি ও আর্থিক ক্ষতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।”

তিনি আরও জানান, এ ধরনের অপরাধ প্রতিরোধে চকরিয়া থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং সাইবার অপরাধ দমনে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *