স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নাঈমা আক্তার (১৬) নামে এক কিশোরীর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে তিনি কীটনাশক পান করেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (১০ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
মৃত নাঈমা আক্তার ওই এলাকার ওসমান গণী ও মরিয়ম বেগমের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে নিজ বসতঘরে কীটনাশক পান করেন নাঈমা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কেরানীহাটস্থ আশ শেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেডে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা ওসমান গণী বাবুল থানায় লিখিত তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তিনি উল্লেখ করেন, রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে পরিবারের সঙ্গে অভিমান করে নাঈমা বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বর্তমানে নাঈমা আক্তারের মরদেহ নিজ বাড়িতে রয়েছে বলে জানা গেছে। পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি থানায় অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,
“আত্মহত্যার ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয়দের মতে, এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে কিশোর-কিশোরীদের মানসিক অবস্থা ও পারিবারিক যোগাযোগের বিষয়ে অভিভাবকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।