পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে লামায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে বান্দরবানের লামায় প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মে) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে ‘লামা-আলীকদম মডেল ফারিয়া’ (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন) এই কর্মসূচির আয়োজন করে। লামা-আলীকদম উপজেলা ফারিয়ার সভাপতি জনাব মোবাশ্বের হোসেন সুমনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ৩৫ জন সাধারণ সদস্য অংশ নেন। বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের দাবির সপক্ষে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন। তারা এ দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, যারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নিত্যনতুন তথ্য চিকিৎসকদের কাছে নিখুঁতভাবে সরবরাহ করেন।” তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভয়াবহ করোনা মহামারির সময়ে যখন সবাই ঘরের ভেতর অবরুদ্ধ ছিল, তখনও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে দেশের শহর থেকে শুরু করে দূরবর্তী প্রান্তিক এলাকা পর্যন্ত জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ সচল রেখেছিলেন। অথচ আজ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পেশার রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি বা মর্যাদা নিশ্চিত করা হয়নি।”

বক্তারা অনতিবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার রাষ্ট্রীয় মূল্যায়ন এবং কর্মক্ষেত্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লামা-আলীকদম উপজেলা ফারিয়া কমিটির উপদেষ্টা জনাব মাহমুদুল হক, উপদেষ্টা জনাব এম এ ইনজামাম, উপদেষ্টা জনাব একলাছুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদুর রহমান। সমাবেশটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *