মোহাম্মদ হোসেন হ্যাপী:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, নিরাপদ সমাজ গঠন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পেশাদার পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম-এ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাসিমুল গনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি (প্রশাসন) একে এম আওলাদ হোসেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ১৯ দফা এবং বেগম খালেদা জিয়া-র ‘ভিশন ২০৩০’-এর ধারাবাহিকতায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সরকার সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো সরকারের অন্যতম লক্ষ্য।
মন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।
এ সময় মন্ত্রী পুলিশের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সরকারের আর্থিক সক্ষমতা ও অগ্রাধিকার বিবেচনায় সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন। পাশাপাশি তিনি পুলিশের পারফরম্যান্স বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দাবি বাস্তবায়ন অনেকাংশে বাহিনীর কর্মদক্ষতার ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন।
সম্মেলনে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।